দেবীদ্বারের নৌকার প্রার্থী রাজী ফখরুলকে মেকানিজম করে হারানো হয়েছে, দাবি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১ এপ্রিল, ২০২৪ ০০:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর দেয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ভোটে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে ‘মেকানিজম’ করে হারানো হয়েছে বলে তার দাবি। শনিবার (৩০ মার্চ) বিকালে নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন রোশন আলী মাস্টার। ওই অনুষ্ঠানে তিনি ওই বক্তব্য দেন। অনুষ্ঠানে সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলও উপস্থিত ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা পর্যায়ের সিনিয়র এক নেতার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বক্তব্যের এক পর্যায়ে ওই নেতা বলেন, ‘ভোটে কিন্তু আমরা হারিনি, মেকানিজম করে হারানো হয়েছে। যেকোনো কারণে আমরা রেজাল্ট নিতে পারিনি। ৮২ হাজার ভোট কি কম? এগুলোর অনেক ইতিহাস, এগুলো আপনারা বুঝবেন না। আপনাদের ভাইঙ্গা বুঝাইতে অইবো। যাদের আমি নেতা বানাইছি, তারা আমারে এখন ... দিয়াও গোনে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলে অনেক মীরজাফর আছে। এগুলো যুগে যুগে ছিলো, থাকবে। তারা যদি ভালো হয়ে যায়, আমরাও ভালো হয়ে যাবো। আর হজ করার পর যদি দেখি ভালো না হইছে, তাহলে মাঠে নাইম্যা পড়বো।’
দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন রাজী মোহাম্মদ ফখরুল। তাঁকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি রোশন আলী মাস্টার। পরে তিনি রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে নির্বাচন করেন।
রোশন আলী মাস্টার এর আগেও বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন। ২০২১ সালে দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা মো. রুহুল আমিনের সাথে তার একটি ফোনালাপ ফাঁস হয়। সেখানে ‘যারা নৌকা করে, তারা সব রাজাকারের বাচ্চা’ বলে তাঁকে মন্তব্য করতে শোনা গিয়েছিলো। ওই বক্তব্যের পর স্থানীয় নেতা-কর্মীরা তাঁর পদত্যাগের দাবিতে ঝাড়ুমিছিল করেছিলেন।
এর বিষয়ে জানতে চাইলে রোশন আলী মাস্টার বলেন, ‘আমি বক্তব্য রেখেছি। সেটা ভাইরাল হলো কি না, জানি না। আমি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বলেছি, গত নির্বাচনে নৌকা ৮২ হাজার ভোট পাইছে, এটা কম না।’ এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রহুল আমিন বলেন, রোশন আলী মাস্টারের বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ