কুমিল্লায় গোমতীর পানি বিপৎসীমার ১১৩ সে.মি. ওপরে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ অগাস্ট, ২০২৪ ২০:১৬ পি এম
কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। টানার বর্ষণ ও উজান থেকে আসা পানির স্রোতে গোমতীর নদীর বাঁধ ছুঁই ছুঁই অবস্থা। বন্যার পানিতে ডুবে গেছে গোমতীর তীরঘেঁষা আদর্শ সদর উপজেলার চাঁনপুর, টিক্কারচর, ডুমুরিয়া চাঁনপুর, কামারখারা, বানাশুয়া, বাবুর বাজার, পালপাড়া ও ভাটপাড়াসহ অর্ধশতাধিক এলাকা। অনেকের আসবাবাপত্র পানিতে ভেসে গেছে। আঞ্চলিক রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঘারবাড়ি ছাড়া জেলার লক্ষাধিক মানুষ। প্রাণে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে ছুঁটছেন দুর্গতরা। বিকাল সাড়ে ৩টায় জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখন পর্যন্ত গোমতীর পানি বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা সকাল ৭টায় ছিলো ৭০ সেন্টিমিটার। বন্যার কারণে গোমতীর বাঁধ সংলগ্ন গ্রামগুলো গতকালই ডুবে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়ও ঢুকে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নগরীর কারাগার রোড, ডিসি রোড, ছোটরা, রাণীরবাজার, ঠাঁকুপাড়া, আদালত সড়ক, চকবাজার, ধর্মপুর, অশোকতলা, রামঘাটলা ও ইপিজেড রোডসহ অধিকাংশ এলাকার বাসাবাড়িতে পানি ঢুকেছে। শুধু জেলা সদর নয় ডুবে গেছে অধিকাংশ উপজেলা। বিশেষ করে চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, হোমনা, মনোহরগঞ্জ, তিতাস, বুড়িচং ও চান্দিনার অধিকাংশ গ্রামের বসতঘর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এরই মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপরেও পানি ওঠে গেছে। এদিকে বন্যার্তদের আশ্রয়ের জন্য কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪টি, বরুড়ায় ৫১টি, চৌদ্দগ্রামে ২৮টি এবং আদর্শ সদর উপজেলায় ৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে শুধু চৌদ্দগ্রামেই পানিবন্দী অন্তত ৭০ হাজার মানুষ। এছাড়াও নাঙ্গলকোট উপজেলায় পানিবন্দী কমপক্ষে ৩৫ হাজার মানুষ। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, উপজেলার ২৮টি আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষকে আশ্রয় দেয়া হয়েছে। সেখানে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ সমগ্রী বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান। অপরদিকে নাঙ্গলকোট ও চান্দিনা উপজেলায়ও একই অবস্থা বিরাজ করছে। এই দুটি উপজেলা সদরের সব সরকারি-বেসরকারি কার্যালয়ের নিচতলা পানিতে তলিয়ে গেছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, সেখানে ৫৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অবশ্য চান্দিনায় এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শেখ ওয়ালিউজ্জামান বলেন, গোমতীর পানি বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সহসাই পানির স্রোত কমবে কীনা তিনি নিশ্চিত নন বলে জানান।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান